জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র অনেক নেতা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তুষারের গাড়ি ব্যবহার করছেন এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী। এই তুষার ২০২২ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলও করেছিলেন। তাছাড়া ২০২৪ সালে আওয়ামী লীগের এমপির নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণাও করেছেন। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারী নয়, এনসিপির অনেক নেতা আওয়ামী লীগকে রক্ষা করার শর্তে তাদের সম্পদ ভোগ করছে।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরই আমরা দেখেছি নারায়ণগঞ্জের আওয়ামীপন্থী এক বড় ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ নিয়েছিল সারজিস ও আখতার।’
আবু হানিফ আরও বলেন, ‘আরেকটা উদাহরণ দিচ্ছি, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শ্যামল, তাকেও এনসিপিতে নেওয়া হয়েছে। শ্যামলের মূল ব্যবসা ছিল ডিশের। ৫ আগস্টের পর তার ব্যবসা ঠিক রাখতে সে মোটা অংকের টাকা দেয় এনসিপির এক নেতাকে এবং কিশোরগঞ্জে এনসিপির সাংগঠনিক সব খরচ সে বহন করবে—এই শর্তে তাকে এনসিপিতে পদ দেওয়া হয়।’
তিনি বলেন, ‘এই শ্যামলসহ তিনজনকে এনসিপিতে যোগ দেওয়ায়ই আওয়ামী লীগ তখন বহিষ্কারও করেছিল।’
আবু হানিফের অভিযোগ, ‘এইভাবে ৫ আগস্টের পর কেন্দ্র থেকে শুরু করে সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সম্পদ ভোগ করার বিনিময়ে নেতাদের রক্ষা করেছে এনসিপির নেতারা।’