বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, এই সম্পর্ক শুধু মানুষে মানুষে যোগাযোগের ভেতর সীমাবদ্ধ নেই। বরং তা উন্নয়ন অংশীদারত্বের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আয়োজিত ‘পাওয়ারিং বাংলাদেশ’স নেক্সট গ্রোথ চ্যাপ্টার: আ পাথওয়ে টু এনার্জি সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনার শেষে তিনি ‘৩০তম ইউএস ট্রেড শো ২০২৬’ এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। 

মাহ্দী আমিন বলেন, ‘শিক্ষা, পর্যটন এবং মানুষে মানুষে নিবিড় যোগাযোগের ওপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক দৃঢ় হয়ে উঠেছে। বিপুল সংখ্যক বাংলাদেশি উচ্চশিক্ষা, পেশাগত কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে নিজেদের যুক্ত করেছেন। প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে একটি মজবুত সেতুবন্ধন হিসেবে কাজ করছেন, যা দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক জীবনধারাকে সংযুক্ত করেছে।’

বর্তমানে ৫০টিরও বেশি মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল জনসংখ্যা, বিকাশমান মধ্যবিত্ত শ্রেণি এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিতকারী জনম্যান্ডেটপ্রাপ্ত গণতান্ত্রিক সরকারের উপস্থিতিতে মার্কিন বিনিয়োগের পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাওয়ার অপার সম্ভাবনা রয়েছে।’

বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা যাতে আরও বেশি সংখ্যায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ পান এবং বৃত্তির পরিধি বাড়ানো যায়, সে বিষয়েও গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি আশা প্রকাশ করেন, ‘মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানার্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও উজ্জ্বল করবেন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর মিস শু শিয়াং। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাশরুর রিয়াজের সঞ্চালনায় সেমিনারে আরও অংশ নেন জিই ভার্নোভা’র এশিয়া অঞ্চলের কন্ট্রাকচুয়াল সার্ভিসেসের জিএম সারতাজ ভূঁইয়া, এক্সিলারেট এনার্জির কান্ট্রি ম্যানেজার মো. হাবিবুর রহমান ভূঁইয়া, বিএসআরএম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমীর আলি হোসেন এবং বুয়েটের প্রকৌশল অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ইজাজ হোসেন।