ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?

নাশকতার বিরুদ্ধে ক্ষমতাসীনদের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের কথা বলা হলেও সংসদের বিরোধী দলের পক্ষ থেকে ঘুরেফিরে আবারও সামনে আসছে জুলাই জাতীয় সনদ। প্রশ্ন উঠেছে, এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে? বা এটির চূড়ান্ত পরিণতি পেতে বাধা কোথায়? সরকার ও বিরোধী দলের মধ্যে শেষ পর্যন্ত কি কোনও সমঝোতা হবে?

সোমবার (২৩ নভেম্বর) দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরুর পর নতুন করে এমন আলোচনাও জোরালো হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও এ ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু আওয়ামী লীগকে ঠেকানো বা ডিসেম্বরকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ঐক্য করবে না। রবিবার (২২ নভেম্বর) লন্ডন থেকে ফিরে বিমানবন্দরে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। এ সময় সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটিকে একদলীয় আখ্যা দিয়ে তা বাতিল করার কথাও বলেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে এক সমাবেশে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে তারা সক্রিয় থাকবেন। তবে সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করলে তারা ঐক্যের বিষয়টি বিবেচনা করবেন।

যদিও সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকার-প্রধানের সঙ্গে বৈঠকে এনসিপির আসলে শর্ত বলতে কিছু ছিল না। তবে বিএনপি সরকার ‘নোট অব ডিসেন্ট’ মেনেই জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে। বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে যেভাবে নির্বাচনি ইশতেহার দিয়েছে, তা শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই উপদেষ্টা।

উভয়পক্ষের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত এটি আলোর মুখ দেখবে কিনা, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।

মূল বাধা কীসে

সংবিধান সংশোধন নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে একাধিক বিষয়ে মতানৈক্য থাকলেও মূল বিরোধ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে গণভোটের রায় কার্যকর নিয়ে।

২০২৫ সালের ১৭ এপ্রিল করা জুলাই জাতীয় সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব আছে। তার মধ্যে ৪৮টি সরাসরি সংবিধান সংশোধন-সংক্রান্ত। বাকি ৩৬টি আইন প্রণয়ন বা পরিবর্তনের মাধ্যমে বাস্তবায়নযোগ্য। বিরোধীপক্ষের দাবি অনুযায়ী তারা রাষ্ট্রপতির সংস্কার আদেশের বাইরে যেতে চায় না। অথচ সরকার তা লঙ্ঘন করছে।

সনদ বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ১৩ নভেম্বর ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়। এতে ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ ডাকার এবং ১৮০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা বলা হয়।

এর মধ্যে গণভোটে চারটি প্রশ্ন একত্রে একটি ‘হ্যাঁ’ ‘না’ উত্তরে ভোট হয়। এতে ‘হ্যাঁ’ জয়ী হয়। বিএনপি দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত শপথ গ্রহণ করেননি। বরং তারা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে। ফলে সংবিধান সংস্কার পরিষদ আর গঠিত হয়নি। অপরদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দুটি শপথই নিয়েছেন। তারা এখনও সংবিধান সংস্কারের পক্ষে অনড় আছেন। মূলত এ কারণেই জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দুই পক্ষের একাধিক নেতা।

সংশোধন কমিটিতে বিরোধী পক্ষের আপত্তি কেন?

যদিও এক্ষেত্রে ক্ষমতাসীন বিএনপি চায় সংবিধান সংশোধন। সে অনুযায়ী প্রথমে ১৭ সদস্যের কমিটি গঠিত হয়। যেখানে বিরোধী দলের ৫ সংসদ সদস্যকে রাখা হয়েছে। তবে তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। তারা এখনও সংবিধান সংস্কারের পক্ষে অনড়। এ কারণে গত ১১ নভেম্বর আগের কমিটি থেকে বিরোধী দলের সদস্যদের নাম বাদ দিয়ে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।

তবে সেই কমিটিও বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ করেছেন তারা। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সোমবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার কমিটির করার কথা। কিন্তু সরকার তা অমান্য করে নিজেদের মতো করে একতরফা ‘সংবিধান সংশোধন কমিটি’ গঠন করেছে। তাই আমরা সরকারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছি।’’

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ কমিটি বাতিল করে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছে তার দল। পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ আসামিদের ফাঁসি কার্যকর করা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

মনিরা শারমিন  বলেন, ‘‘সরকার মুখে ঐক্যের কথা বললেও বিরোধী দলের কোনও পরামর্শ গ্রহণ করছে না। প্রধানমন্ত্রীর কাছে আমরা এসব বিষয় তুলে ধরেছি।’’

এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সরকার গণভোটের রায় অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কারণ অতীতে কখনও সংবিধান সংশোধনের সময় বিশেষ কমিটি করার দৃষ্টান্ত নেই। কিন্তু এবার কেন হলো, তা আমাদের বোধগম্য নয়।’’ তিনি জানান, আগের কয়েকটি সংশোধনী আদালতে বাতিল হয়েছে। এ জন্য বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে যায়নি।

সুরাহা হবে কীভাবে

সরকার ও বিরোধী দলের একাধিক সূত্রের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত সংস্কার ও সংশোধনের ঘেরাটোপেই আটকে আছে জুলাই সনদ বাস্তবায়ন।

দুই পক্ষের অনড় অবস্থানের কারণে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সমস্যার সুরাহা হবে কিনা বা আদৗ এটি দৃশ্যমান হবে কিনা, সে প্রশ্নও সামনে আসছে।

জানতে চাইলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘‘১৯৭২ সালের মূল সংবিধান তুলনামূলক গণতান্ত্রিক ছিল। তবে এরও কিছু সীমাবদ্ধতা ও দুর্বলতা ছিল। আমরা শুরু থেকেই বলেছি, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব দুর্বলতা দূর করে সংবিধানকে আরও গণতান্ত্রিক করা প্রয়োজন।’’

তিনি বলেন, ‘‘সংবিধানের ১৭টি সংশোধনী হয়েছে। কিন্তু জনগণের স্বার্থে ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন করা হয়নি।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, আদিবাসীসহ বিভিন্ন জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি এবং সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকারের কথা বলেছি। একইসঙ্গে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব সংস্কার জরুরি। কিন্তু সরকার এর একটি প্রস্তাবও বাস্তবায়ন করেনি।’’

বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব বিষয়ে ন্যূনতম ঐকমত্য সম্ভব, সেগুলোতে একমত হওয়া প্রয়োজন। কিন্তু সেই ন্যূনতম ঐকমত্যের পরিবর্তে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ কয়েকটি দল নিজেদের অবস্থান অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ কারণে জুলাই সনদ সর্বসম্মতভাবে গৃহীত হয়নি এবং বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট রয়েছে। আমরা সনদে স্বাক্ষর করিনি, কারণ এর কয়েকটি সুপারিশ ও সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাবের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে।’’

ভিন্ন কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘‘সরকার গণভোটের রায় ও জুলাই সনদের বিপক্ষে নয়। তবে বিষয়টি সংবিধানের আলোকেই সুরাহা করার পক্ষে বিএনপি।এরই আলোকে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকেও রাখা হয়েছে। কিন্তু তারা আমাদের আহ্বানে সাড়া দেয়নি। আমরা মন করি, এক্ষেত্রে তাদেরকে বিষয়টি গভীরভাবে অনুধাবন করা জরুরি।’’