প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে কোনও রাষ্ট্রীয় সফর না থাকলে সবসময়ই ঈদ করে থাকেন ঢাকায়। এই হিসেবে এবারও ঢাকায় ঈদ করবেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার ঈদের দিনের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সমাজসহ সর্বস্তরের জনগণ এবং ১১টায় বিচারপতি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।
বর্তমানে যুক্তরাজ্যে সফররত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে মেয়ের সঙ্গে ঈদের দিন কাটিয়ে দেশে ফিরবেন। আগামী ৮ জুলাই বেলা আড়াইটায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচনি এলাকা সিলেটে থাকবেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার নির্বাচনি এলাকা ঝালকাঠী ও ঢাকা মিলিয়ে ঈদ কাটাবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বরারের মতো এবারও নির্বাচনি এলাকায় ঈদ পালন করছেন। তিনি ইতোমধ্যে তার এলাকা ভোলায় অবস্থান করে গরিব ও দুস্থদের মাঝে ঈদের পোশাক ও সেমাই চিনি বিরতণ করেছেন। ঈদের পরদিন তার ঢাকায় আসার কথা রয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন ঢাকায় ঈদ করবেন। স্বাস্থ্যমন্ত্রী নাসিম ঈদের দিন ঢাকায় কাটিয়ে পরদিন নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে যাবেন। অপরদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বরাবরের মতো এবারও ঈদের আগে নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন। এদিকে সভাপতিমণ্ডলির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামে ঈদ করবেন। দলের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ঈদ করবেন নির্বাচনি এলাকা চাঁদপুরে।
সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন নেত্রকোনা, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, আ ফ ম বাহাউদ্দিন নাসিম মাদারীপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট এবং বিএম মোজাম্মেল ও খালিদ মাহমুদ চৌধুরী ঢাকায় ঈদ করবেন।
/ইএইচএস/এএইচ/