মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বিএনপি নয়। মনে আছে আপনাদের, মেয়র হানিফের জনতার মঞ্চের এক ধাক্কায় বিএনপি সরকারের পতন হয়েছিল।’
ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, ‘বিএনপি রঙিন স্বপ্ন দেখছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অর্জন দিয়ে গণঅভ্যুত্থান শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। গণঅভ্যুত্থান এখন জাদুঘরে, গণঅভ্যুথান স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দু:স্বপ্ন দেখে কোনও লাভ নেই।’
দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনকে সামনে রেখে মানুষের ঘরে ঘরে যাওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জেতার আগেই জিতে গেছি- এই মন মানসিকতার পুনরাবৃত্তি যেন আগামী নির্বাচনে না হয়। এখন থেকে ভোটের জন্য মানুষের ঘরে ঘরে যেতে হবে। ভোট চাইতে হবে।’ খবর বাসস।