শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রায়কে কেন্দ্র করে সব ধরনের অরাজকতা প্রতিহত করতে প্রতিটি এলাকার আওয়ামী লীগ ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন শান্তিশৃঙ্খলা আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সচেষ্ট হয়ে উঠেছে। আন্দোলনের নামে একটি চক্র দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে ভিসি কার্যালয়ের তিনটি গেট ভাঙচুর করা হয়েছে। যারা প্রথমে ভিসির কার্যালয় ঘেরাও করেছে, গেট ভাঙচুর করেছে কয়েকটি পত্রিকা সেটিকে বড় করে দেখছে না, পরের ঘটনাকেই বড় করে দেখানোর চেষ্টা চলছে। যারা ভিসির কার্যালয় ঘেরাও করলো, গেট ভাঙচুর করলো, ভিসিকে অপদস্ত করলো, ছাত্রলীগের নারী নেত্রীদের যারা লাঞ্চিত করলো তাদের অপরাধ সবচেয়ে বেশি। আমরা কোনও ঘটনাকেই সমর্থন করি না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যারা ভিসির কার্যালয় ঘেরাও করলো, গেট ভাঙচুর করলো তাদের আড়াল করতে ছাত্রলীগের দোষ খোঁজার চেষ্টা চলছে। ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সবসময় তৎপর থাকে।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান প্রমুখ।