‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ে সরকারের কোনও হাত নেই। এ রায়ে যদি সরকারের হাত থাকতো তাহলে সরকারের আগের মেয়াদেই রায় হতো। তিনি দীর্ঘ ১০ বছর সময় পেতেন না।’ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন।
খালেদার রায়ের পর সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের কান্না প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘তাদের দলের নেত্রীর জন্য তারা কান্না করতেই পারেন। কিন্তু তারা জনগণের জন্য কান্না করেন না। খালেদা জিয়াও জনগণের জন্য কাঁদেন না। তিনি দুর্নীতিবাজ পুত্রের সাজার সময়, নিজের বাড়ি হারানোর সময় কান্না করেন।’ পেট্রল বোমা হামলার জন্য খালেদা জিয়ার নামে মামলা চালু করারও দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক উপমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল প্রমুখ।