মিডিয়া তাদের ফেবার করে, আমি থাকি চার-পাঁচ নম্বরে: শেখ হাসিনা

 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাআওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বেসরকারি টেলিভিশন দিয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বেসরকারি টেলিভিশন আগে ছিল না, আমিই দিয়েছি। অথচ সেই টেলিভিশনে তাদের (বিএনপি) ফেবার করে, আমাকে রাখে চার-পাঁচ নম্বরে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল সফর বিষয়ে রবিবার (২ সেপ্টেম্বর) বিকাল চারটায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) পার্লামেন্টে নেই, তারা বৈধ বিরোধী দলেও নেই। অথচ আমাদের মিডিয়ার কাছে বিএনপিই বিরোধী দল, তারাই অগ্রাধিকার পাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আজ কিছু কিছু রিপোর্ট পড়ছিলাম। তাদের (বিএনপি) আমলে যে দুর্নীতি, ঘুষ নেওয়া, আন্তর্জাতিকভাবেও বহু কাহিনি রয়েছে। তবে, তাদের সৌভাগ্য যে মিডিয়া সবসময় তাদের ফেবার করে। আমি তো থাকি আপনাদের প্রত্যেকটা টেলিভিশনের হয় তিন নম্বর, নয় চার বা পাঁচ নম্বরে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ও ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ ‘বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে নেপাল যান। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে দেশে ফেরেন তিনি।