সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সৈয়দ আশরাফ মৃত্যুহীন প্রাণ। কোটি প্রাণের আবেগ ও অনুভূতির নাম সৈয়দ আশরাফ।’
রবিবার (৬ জানুয়ারি) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজায় দলের পক্ষে এই শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন তিনি।
হানিফ বলেন, ‘বাংলাদেশ আজ গভীর শোকে মুহ্যমান। আমাদের আদর্শিক সহোদর সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন রাজনৈতিক কর্মীকে চিরকালের বিদায় জানানোর ভাষা আমাদের জানা নেই। আমাদের চারপাশে কেবল শোকসন্তপ্ত বাকরুদ্ধতা, কেবলই শূন্যতা।’
তিনি আরও বলেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতি চর্চার অগ্রদূত। আত্মপ্রচার,স্বজনপ্রীতি, দুর্নীতি কখনও তাকে স্পর্শ করতে পারেনি। উদার, নৈতিক, মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন। দল গোষ্ঠী ও মতাদর্শের ঊর্ধ্বে সবার কাছে ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বাঙালি জাতি আজ তার শোকে গভীর শোকাহত। সৈয়দ আশরাফুল ইসলামের নীতি-আদর্শ বিনয় ও মার্জিত চরিত্রের গুণাবলী আমাদের মধ্যে চির পাথেয় হয়ে থাকবে।
জানাজা শুরুর আগে সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
শ্রদ্ধা জানানো শেষে সৈয়দ আশরাফের মরদেহ নিয়ে কিশোরগঞ্জের পথে হেলিকপ্টারে নিয়ে গিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
ছবি: সাজ্জাদ হোসেন