প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য আসন কিশোরগঞ্জ-১ এর পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতোমধ্যে আরও পাঁচজন ফরম কিনেছেন।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার পর্যন্ত ফরম বিক্রি চলবে।
কিশোরগঞ্জে-১ এর জন্য ফরম সংগ্রহকারীরা হলেন- সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাশেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাত জন। ঢাকা উত্তরের মেয়র পদে ফরম সংগ্রহকারীরা হলেন- স্থগিত যাওয়া নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বিজিএমই’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কবি রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজী হক, ইয়াদ আলী ফকির, কুতুব উদ্দিন, আরফি হোসেন এবং শহীদুল্লাহ ওসমানি।
উল্লেখ্য, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে গত বুধবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।
আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় উত্তর সিটি নির্বাচনের পথ খুলে গেলে ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।