সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ২৯টি জেলা সম্মেলন সম্পন্ন হয়েছে। লক্ষ্য ছিল সব সম্মেলন শেষ করার। এজন্য সম্মেলনের তারিখও ঘোষণা হয়েছিল। কিন্তু জাতীয় সম্মেলন চলে আসায় তা সম্পন্ন করতে পারিনি। এই সম্মেলনের পরপরই তৃণমূলের বাকি সম্মেলনগুলো করবো। তৃণমূল পর্যায়ে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা-জেলা প্রতিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা একটি ছোট সেল করেছি। ডাটাবেজ করে ফেলেছি। এতে প্রতিটি এলাকার তথ্য থাকবে।’
যারা কাউন্সিল করে নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছেন তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা কাউন্সিল করতে পারেননি, আশা করি তারাও দ্রুত সম্পন্ন করবেন। কারণ, কাউন্সিলের মধ্যদিয়ে সংগঠন চাঙা হয়। সংগঠন আরও শক্তিশালী হয়। আমরা সেভাবেই সংগঠনকে এগিয়ে নিতে চাই।’
প্রসঙ্গত, আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলা রয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণার আগে এর মধ্যে মাত্র একটি জেলার সম্মেলন হয়েছিল। তবে, সম্মেলনের তারিখ ঘোষণার পর গত তিন মাসে আরও ২৮টি জেলার সম্মেলন হয়েছে। বর্তমানে ৪৯টি জেলার সম্মেলন বাকি রয়েছে। সেই সঙ্গে বাকি রয়েছে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সম্মেলন।