২০১৯ সালেও পরাজিত হবেন খালেদা জিয়া

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯ সালের নির্বাচনেও পৌর নির্বাচনের মতো খালেদা জিয়া ও তার দলের প্রতীক ধানের শীষ পরাজিত হবে। মঙ্গলবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। আমরা আন্দোলন করে সফল হয়েছিলাম। তাই পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনি আন্দোলন করে ব্যর্থ হয়েছেন। আন্দোলনে ব্যর্থ হলে সাফল্য আসে না।
খালেদা জিয়ার ইতোপূর্বের ঘোষণার কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি আপনি বলেছিলেন- শেখ হাসিনার পতন না ঘটিয়ে ঘরে ফিরবেন না। আপনি আদালতে সারেন্ডার করে ঘরে ফিরেছিলেন। এভাবে বহুবার আপনাকে সারেন্ডার করতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির সব নেতা আজ মনে করে- খালেদা জিয়া ও তার বিদেশে পালিয়ে থাকা ছেলের কারণে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে বিএনপি। 

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, পৌরসভা নির্বাচনে এসেছেন, এখন সংবিধান মেনে নিন। সংবিধান না মানলে ২০১৯ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এখন ২০১৯ সালের নির্বাচনে যাবো বললে আমরা কবুল বলবো।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, খালেদার অনুতাপ দিবস পালন করা উচিৎ। উনি বলেছিলেন শেখ হাসিনার অধীনে নির্বাচনে আসবেন না। নাকে খত দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে পৌর নির্বাচনে এসেছেন। ২০১৯  সালের সংসদ নির্বাচনেও উনি আসবেন।

মঙ্গলবার  ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত ও মো. নাসিম।

/পিএইচসি/এইচকে/এএইচ/