আসন্ন সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার প্রথমদিন ছিল শনিবার (২ অক্টোবর)। এদিন দলটির সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু কহয়। যদিও সরেজমিনে কার্যালয় ঘুরে মনোনয়ন ফরম কেনার জন্য ভিড় দেখা যায়নি।
আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন ও ১০ টি পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপির নির্বাচনের তফসিলও ঘোষণা করে ইসি। এই নির্বাচনে আগ্রহীদের কাছে আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দফতর সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে সিরাজগঞ্জ-৬ আসনের ৩টি, পৌরসভায় ১১টি, উপজেলায় ১ এবং ইউনিয়ন পরিষদে দুইশ ১১টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। সিরাজগঞ্জ-৬ আসনে প্রার্থী হতে দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রি জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুধু উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে আগ্রহীদের মাঝে ফরম বিক্রি করা হচ্ছে।
ভিড় এড়াতে ইউনিয়ন পরিষদের মনোনয়ন ফরম পৃথক কক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক কার্যালয়ের বর্ধিত ভবনে চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও রাজশাহী ইউপির প্রার্থীদের কাছে ফরম বিক্রি করা হচ্ছে। প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের জেলাগুলোর ইউপির ফরম বিক্রি করা হচ্ছে।
শনিবার দুপুরের পরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সামনে কথা হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলা কাইচাইল ইউপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি। উপজেলা যুবলীগের আহ্বায়কও ছিলাম। এখন দলের কাছে মূল্যায়ন প্রত্যাশা করছি।
অন্য সময়ের মতো এবার মনোনয়ন বিতরণের প্রথম দিনে প্রত্যাশীদের ভিড় কম দেখা গেছে। দলটির নেতারা বলছেন, অধিকাংশ জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় মূলত ভিড় কম । তৃণমূল থেকে এক বা একাধিক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর বিধান রয়েছে। প্রস্তাবিত প্রার্থীরাই চূড়ান্ত মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন। তবে নাম না পাঠালেও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেছেন এমন নেতারাও মনোনয়ন ফরম কিনতে পারেন।
আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, মনোনয়ন ফরম বিক্রির সময় আমাদের অফিসে সবসময় ভিড় দেখা যায়। তবে এবার প্রথমদিন একটু কম ভিড় দেখছি। চট্টগ্রাম বিভাগে মাত্র ২০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে আজ। রবিবার থেকে ভিড় বাড়তে পারে।