দেশের তথ্য-প্রযুক্তি খাতে অসামান্য অবদান রাখায় এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আইসিটি সেক্টরে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানে পরিণত হয়েছে। এই সক্ষমতার সফল রূপকার হলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে খুলে দিয়েছেন সীমাহীন সম্ভাবনার নতুন দিগন্ত।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ্বসভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’