আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপিসহ কেউ কেউ জাতীয় সরকারের কথা বলছেন। এটা ভাঁওতাবাজি। এই ভাঁওতাবাজি মানুষ বিশ্বাস করে না। কার নেতৃত্বে জাতীয় সরকার হবে? আপনাদের দুজন নেতাই দণ্ডিত অপরাধী। মির্জা ফখরুল জাতীয় সরকার নিয়ে আশান্বিত হতে পারেন, দেশের মানুষ নয়।
বুধবার (২৭ এপ্রিল) ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি উদ্দেশে হানিফ বলেন, জনশক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, দক্ষ করা যায় সেবিষয়ে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার যোগ্যতার এক দশমাংশ দেখানোর মতো কোনও নেতা দেশে নেই। অন্যান্য দেশের নেতারাও তা স্বীকার করেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।