ঈদযাত্রায় কারও কষ্ট হয়নি বলে বিএনপি কষ্ট পাচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিএনপি কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে।

সোমবার (২ মে) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা নাকি স্বস্তিদায়ক হয়নি’—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, প্রকৃতপক্ষে এবারের ঈদযাত্রা অতীতের যেকোনও সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে।

তিনি বলেন, ‘ঈদের আগে গ্রামমুখী বাঁধভাঙা জনস্রোত দেখা গেছে এবার। অনেকেই ঈদযাত্রা নিয়ে দুর্ভোগের আশঙ্কাও করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদফতরের প্রকৌশলী, মালিক শ্রমিক, হাইওয়ে পুলিশ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সাংবাদিক বন্ধুরাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক, সেভাবে প্রস্তুত থাকার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের দুর্ঘটনাসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রেখে পরিবহন পরিচালনার জন্য মালিক শ্রমিক নেতাসহ সবাইকে আহ্বান জানান।