পদ্মা সেতুর উদ্বোধনী জনসভার জায়গা পরিদর্শনে যাচ্ছে আ.লীগ

পদ্মা সেতুর উদ্বোধনী দিনে অনুষ্ঠেয় দলের জনসভার জায়গা পরিদর্শনে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের কেন্দ্রীয় ও জনসভা-সংশ্লিষ্ট এলাকার একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (২ জুন) সকালে শিবচরের কাঁঠালবাড়িতে ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাট এলাকার সমাবেশ স্থলে যাবেন। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর এখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ জুন) আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সকাল ৭টায় বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা দিয়ে পদ্মা সেতুর কাঠালবাড়ি অংশে জনসভা স্থলে যাবেন।

প্রতিনিধি দলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপুসহ কেন্দ্রীয় নেতারা থাকবেন বলে জানা গেছে।