আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটি বড় দল। আমরা চাই- তারা নির্বাচনে আসুক, তাদের সঙ্গেই আমাদের নির্বাচনটা হোক।’
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির সঙ্গে নির্বাচন নিয়ে কোনও বৈঠক বা সংলাপের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি যদি চা খেতে আসে, তাহলে তাদের চা খাওয়াতে কোনও সমস্যা নেই। কিন্তু আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এটা প্রধানমন্ত্রীর ব্যাপার।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষেয়ে কোনও মন্তব্য করবো না। কারণ এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল ও সরকার।’
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার। সেখানে না যাওয়ায় তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন।’