বিএনপি ধাক্কা দিয়ে সরকারকে সরাতে পারবে না:  কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ সরকারকে বিএনপি ধাক্কা দিয়ে সরাতে পারবে না। বিএনপি ২০১৩ সালে থেকে কখনও জামায়াতকে নিয়ে, কখনও হেফাজতকে নিয়ে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরকারকে নড়াতে-সরাতে সক্ষম হয়নি। বরং সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই মুখ থুবড়ে পড়ে গেছে।

শুক্রবার (২৯ জুলাই)  কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর থানা ও ৫৫, ৫৬, ৫৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। শনিবার (৩০ জুলাই) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই।  ২০০১-০৬ সালে ক্ষমতায় থেকে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। সেই সময়ে ধর্মীয় জঙ্গি ও সন্ত্রাসী দিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল; দেশটাকে লুটপাট করে শতশত কোটি টাকা বিদেশে পাচার করেছিল। সেই পাচার করা টাকায় তারেক জিয়া এখন লন্ডনে বসে খাচ্ছে,  সিনেমা দেখছে এবং রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে।

তিনি বলেন, যে জিয়া জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে ভূমিকা রেখেছিল- তারই ছেলে তারেক জিয়া বিদেশে থেকে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোরভাবে মোকাবেলা করবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাক্ষণ ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও  মির্জা ফখরুলরা এখনও ষড়যন্ত্র লিপ্ত। পদ্মা সেতু চালু হয়েছে, সেতু দিয়ে গাড়ি চলাচল করছে-এটি এখনও মির্জা ফখরুল স্বীকার করতে চান না। জনশুমারিতে সরকার জনসংখ্যা কম দেখিয়েছে বলেও ডাহা মিথ্যাচার করছে। দেশে ২০ কোটি মানুষ দেখালে মনে হয় মির্জা ফখরুল খুশি হতেন।

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি আওলাদ হোসেন ও অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।