আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে হিংসা-বিদ্বেষ দূর করে আওয়ামী লীগকে সুসংগঠিত করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। পদ-পজিশনের জন্য পাগল না হয়ে জনগণকে ভালোবাসতে হবে।
শনিবার দুপুরে (৩ সেপ্টেম্বর) ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ঐতিহ্যবাহী ডেমরা থানা ও অন্তর্গত ছয়টি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের থানা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শেখ হাসিনা যাকে নির্বাচিত করবেন তাকেই মানতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ত্যাগী নেতাদের সংখ্যা কমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন যারা নেতা হতে চান তারা বড় বড় গাড়ি হাঁকিয়ে চলার চেষ্টা করছেন যা আওয়ামী লীগ পছন্দ করে না। ত্যাগী ও মানুষের ভালোবাসার পাত্ররা কখনও দাপট দেখায় না। বরং দাপট তারাই দেখায় যারা বিভিন্ন পর্যায় থেকে নতুন আওয়ামী লীগে এসেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডেমলার দৌড় সালাউদ্দিন শুধু দৌড়ের ওপরেই আছেন। এখনও ডেমরায় নৌকার পাগল সবাই। আপনারা আওয়ামী লীগের পক্ষে দৌড়ানোর জন্য রেডি হয়ে যান এখনি। যে কোনও মূল্যে দেশের সব ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। আর প্রতিটি ওয়ার্ডে শক্তিশালীভাবে কমিটি গঠন করতে হবে। ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে।
অনুষ্ঠানে মির্জা আজম বলেন, ক্লিন ইমেজের নেতাদের মাধ্যমে ওয়ার্ড, ইউনিট ও থানা আওয়ামী লীগের কমিটি গঠন করতে হবে। কোনও ধরনের বিতর্কিত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান দেওয়া যাবে না। মনে রাখবেন, একজন দুর্নীতিবাজকে কমিটিতে রাখবেন, সে ২০ জন দুর্নীতিবাজকে স্থান দেবে। একজন চাঁদাবাজ ২০ জন চাঁদাবাজকে স্থান দেবে।
মহানগরের ওয়ার্ড ও ইউনিট এখন আগের থেকে শক্তিশালী উল্লেখ করে মির্জা আজম বলেন, আজ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিছু দিন আগে ঢাকা-৫ আসনে উপনির্বাচনে এমন জোয়ার আমাদের চোখে পড়েনি।
ষড়যন্ত্রের বিরুদ্ধ সবাইকে সতর্ক থাকার অনুরোধ করে আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক মির্জা আজম বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আজ ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন কোনও অপশক্তি রাজনীতির নামে অপরাজনীতি করতে না পারে।
ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সহসভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস কে বাদল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ, সদস্য সালাউদ্দিন বাদল প্রমুখ বক্তব্য রাখেন।