বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদে নির্বাচিত হতে যাচ্ছেন মুন্সি আতিয়ার

গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তার বিরুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। সেই হিসেবে এখন তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়া সময়ের ব্যাপারমাত্র।

মনোনয়নপত্র যাচাই-বছাই, বৈধ ঘোষণা ও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। তারপরই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান রয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্লা জানিয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, চেয়ারম্যান পদে ১ জন, সদস্য পদে ১৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আতিয়ার রহমান টু্ঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।