কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থা রেখে গণমানুষের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী কাজ করছে। দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব দরবারে প্রশংসা কুড়াচ্ছে ঠিক তখনই বিএনপি আবার অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের স্বার্থ নষ্ট করার জন্য তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু তারা ভুলে গেছে, রাজপথে আওয়ামী লীগকে দুর্বল ভাবার কোনও সুযোগ নেই। বিএনপির যে কোনও প্রকারের চক্রান্ত সমূলে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগের আছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর আয়োজন করে। বিএনপির সব রাজনৈতিক অপকৌশল, সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেওয়া হয় সমাবেশ থেকে।
তিনি ভৈরব-কুলিয়াড়চরের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে বলেন, এই মাটিতে স্বাধীনতাবিরোধী শক্তি কখনও মাথা তুলে দাঁড়াতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। ভৈরবের গণমানুষের কাছে বিএনপি-জামায়াত বরাবরই প্রত্যাখ্যাত হয়েছে।
নাজমুল হাসানের নেতৃত্বে সমাবেশে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, ভৈরব উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা। এছাড়া সর্বস্তরের জনগণ এই গণজামায়েতে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।
সভার মঞ্চে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইদুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেতু, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সোহরাব।