দলের ২২তম সম্মেলনে গঠনতন্ত্র সংশোধন ও ঘোষণাপত্র প্রণয়নে তৃণমূলের মতামত চেয়েছে আওয়ামী লীগ। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে লিখিতভাবে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ অনুরোধ জানানো হয়।
আগ্রহীদের আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫৩, ধানমন্ডি ৩/এ, ঢাকা- ১২০৯) মতামত পাঠাতে বলা হয়েছে। দলের অফিশিয়াল ই-মেইল নম্বরে (office@albd.org)ও মতামত পাঠানো যাবে।
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত দুটি উপকমিটি যথাক্রমে ঘোষণাপত্র উপকমিটি এবং গঠনতন্ত্র উপকমিটি দলের ঘোষণাপত্র প্রণয়ন এবং গঠনতন্ত্র সংশোধনের কাজ করছে। এর আগে গত শনিবার (১২ নভেম্বর) দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত গণতন্ত্র সংশোধন উপকমিটির বৈঠকে তৃণমূলের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়।