‘চলেন একসঙ্গে ২০২৪-এর নির্বাচনটা করি’ বিএনপিকে মায়া

বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। চলেন সবাই মিলে একসঙ্গে ২০২৪ সালের নির্বাচনটা করি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো–এই স্লোগানের ভিত্তিতে আপনারা (বিএনপি) এবং আমরা মিলে নির্বাচনটা করি। আর নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে পারবেন। পল্টনে সমাবেশ করে ক্ষমতায় যাওয়া যাবে না।

সোমবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিএনপি ও জামাত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।

বিএনপি শেষ পর্যন্ত নাকে খত দিয়ে গোলাপবাগ গরুর হাটে সমাবেশ করেছে মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপির নেতারা বলেছিলেন তারা ১০ তারিখ পল্টনেই সমাবেশ করবেন। এক ইঞ্চিও সরবেন না। তারা নাকি আপসহীন নেতা। কিন্তু শেষ পর্যন্ত গেলো কই; সেই গোলাপবাগের গরুর হাটের মাঠে।’

তিনি বলেন, ‘একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য যারা পাঁয়তারা করে, ষড়যন্ত্র করতে তারা (বিএনপি) কিন্তু আবার মাঠে নেমেছে। তারা একের পর এক কর্মসূচি দেয়। ১০ ডিসেম্বর তারা দেশকে উল্টিয়ে ফেলবে বলেছিল। কিন্তু সাধারণ মানুষ রাজপথে থাকায় তা সম্ভব হয়নি।’

বিজয়ের মাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দিতে পারি না উল্লেখ করে মায়া বলেন, ‘বিজয়ের মাসে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। বিজয়ের মাস মুক্তিযুদ্ধের মাস। এ মাস আওয়ামী লীগের মাস। স্বাধীনতার পক্ষের মানুষের মাস। এই মাসে তাদের (বিএনপি) ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দিতে পারি না।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না। নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে।’

সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহ্বায়ক নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ ও জোটের নেতারা।