আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনে ডাকা বিএনপির গণমিছিল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘২৪ তারিখ আমাদের জাতীয় সম্মেলন, সেদিন কেন প্রোগ্রাম দিয়েছে তারা? সেদিন কেন তাদের কর্মসূচি—আমি জানতে চাই। প্রত্যাহার করুন। সংঘাতের উসকানি দেবেন না।’
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে বাণিজ্যমেলার পুরোনো মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের আরও বলেন, ‘দুই মাস আগে আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ২৪ তারিখ ঘোষণা (সম্মেলনের তারিখ) করেছেন। একই দিকে এই কর্মসূচির (বিএনপি) অর্থ সংঘাতের উসকানি দেওয়া। বিএনপি ১০ তারিখে ব্যর্থ হয়ে এখন ২৪ তারিখে গণ্ডগোল করার ষড়যন্ত্র করছে।’
নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আপনারা সতর্ক থাকবেন। জঙ্গিদের (বিএনপি) মাঠে নামিয়েছে।’
তিনি বলেন, ‘১০ তারিখে হলো খেলা? কী হলো? বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, আন্দোলন ভুয়া। কী খেলা হবে।’
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী একটি ‘মিশন’ নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জানিয়ে মন্ত্রী কাদের বলেন, ‘আমির খসরু সাহেব ওয়াশিংটনে গেছেন। সরকারকে নিষেধাজ্ঞা দিতে। তদবির করতে গেছেন। আমির খসরু সাহেব, কী পেলেন? আমির খসরুর মিশন ব্যর্থ। হতাশ হয়ে পড়েছে।’
বিভিন্ন দেশের উদাহরণ টেনে কাদের বলেন, ‘দুনিয়ার কোনও দেশে ত্রুটিমুক্ত গণতন্ত্র নেই। গণতন্ত্রে ত্রুটি আছে, কোথাও গণতন্ত্র ত্রুটিমুক্ত নেই। সে হিসেবে আমরা ভালো আছি।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাণিজ্যমেলা মাঠের দক্ষিণ-পূর্ব কোণে ট্রাকমঞ্চ করে নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।