প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে ছাত্রলীগ, নির্দেশনার আলোকে পূর্ণাঙ্গ কমিটি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাচ্ছেন সদ্য দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগমুহূর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা সদ্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবো। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবো। আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আমাদের তরুণ প্রজন্মের মাঝে বিশেষ উদ্দীপনা কাজ করছে। বিশেষ করে স্মার্ট বাংলাদেশের ধারণা প্রধানমন্ত্রী যখন জনগণের সামনে নিয়ে এসেছেন, তখন কিন্তু গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখ আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে। কারণ, আওয়ামী লীগের সম্মেলনই যুগে যুগে বাংলাদেশের মানুষের জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছে। আমরা তরুণ সবাই সুন্দর ও সুশৃঙ্খল থাকবো, আমরা সেখানে অংশগ্রহণ করবো।

তিনি আরও জানান, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার নির্দেশনার আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবো এবং সেই আলোকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

ঢাকা কলেজের কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব জায়গায় দীর্ঘদিন ধরে কমিটি নেই, সেখানে কীভাবে অচলাবস্থা দূর করা যায়, নতুন নেতৃত্ব নিয়ে আসা যায়, সেই চেষ্টা অবশ্যই থাকবে। বিশেষত ঢাকা কলেজ, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখানে আমরা গতিশীল ও ডাইনামিক এবং শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ নেতৃত্ব নিয়ে আসবো।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা এখন গণভবনের গেটে আছি। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবো। তিনি যে নির্দেশনা দিবেন, সেই আলোকে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। আমরা ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রলীগের প্রতি দায়বদ্ধতা, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও স্বচ্ছ মেধাবী ছাত্রনেতাদের প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান।