‘অখাদ্য-কুখাদ্য নিয়ে বিএনপি এখন ৫৪ দলীয় জোট’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ৫৪ দলীয় জোট গঠন করেছে, তা কোনও কাজে আসবে না। জানা-অজানা, অখাদ্য-কুখাদ্য দল নিয়ে বিএনপি এখন ৫৪ দলীয় জোট করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা।

নেতারা আরও বলেন, এক-এগারোর কুশীলবরা বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিএনপির ৫৪ দলীয় জোট কেন, এক হাজার দলীয় জোট করলেও শেখ হাসিনাকে কিছুই করতে পারে না।

সোমবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা। সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। আর অন্য একটি দল আছে, তারা অশান্তি করতে চায়। বিএনপি যেভাবে ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, সেই চেষ্টা এখনও অব্যাহত আছে। তাদের একটা উদ্দেশ্য—শেখ হাসিনার সরকার পতন করা। বিএনপি দেশের সংবিধান নিয়ে কথা বলে, এত সাহস কোথায় পায়।’

তিনি বলেন, ‘জানা-অজানা, অখাদ্য কুখাদ্য দল নিয়ে বিএনপি এখন ৫৪ দলীয় জোট। ৫৪ দলীয় জোট নয়, এক হাজার দলীয় জোট করলেও শেখ হাসিনাকে কিছুই করতে পারবে না।’

৩২ দিন জেল খেটে অস্থির হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। আমি (মায়া) তারেক জিয়ার অত্যাচারে এক হাজার দিন জেল খেটেছি। রাজনীতি করতে হলে জেল খাটতে হবে, মাইর খাইতে হবে। সবার আগে বিএনপি নির্বাচনে আসবে, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য  করতে।’ ঘুমের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা বলার নির্দেশনা দেন মায়া। তিনি বলেন, ‘ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। দেশের উন্নয়ন বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অনির্বাচিত সরকারকে তারা ক্ষমতায় আনতে চায়।’

তিনি বলেন, ‘এক-এগারোর কুশীলবরা বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে। এরা সংবিধান মানে না। এদের দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এদের আর কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। নির্বাচন যথাসময়ে হবে। কোনও তত্ত্বাবধায়ক সরকার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হবে না।’ সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি যতই ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ রাজপথে থাকবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘জাতি এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। শান্তি সমাবেশে আওয়ামী লীগ বাধা দেবে না। সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে আমরা জবাব দিতে পারি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মো. হুমায়ুন কবির। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।