‘শেখ হাসিনার রাজনীতিতে বাংলাদেশের মানুষ পথ হারাবে না’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নির্দেশমতো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, ‘যত দিন বাংলাদেশ থাকবে, শেখ হাসিনার রাজনীতিতে বাংলাদেশের মানুষ পথ হারাবে না। এটা আমার বিশ্বাস। এটা আমার অভিজ্ঞতা।’

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। লালবাগের ঢাকেশ্বরী মন্দিরের বিপরীতে হাজী আব্দুল আলিম মাঠে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লালবাগের মানুষের উদ্দেশে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি টাকাপয়সার চিন্তা করিনি। আমি আপনাদের জন্য চিন্তা করেছি। যেকোনও পরিস্থিতিতে যেখানেই থাকি না কেন, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, সদস্য জসিম উদ্দিন খানসহ লালবাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা।