মো. সাহাবুদ্দিনকে আ.লীগের অভিনন্দন বার্তা

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ অভিনন্দন জানান তিনি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেন। ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন’ অনুযায়ী তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

মো. সাহাবুদ্দিন তার জীবন ও কর্মের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী ও প্রগতিশীল রাজনৈতিক ধারার মানুষের ঐক্যের প্রতীক হিসেবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘মো. সাহাবুদ্দিন বৃহত্তম পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলে তিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য মরনপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের অধিকারী। অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এই কর্মবীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তাকে আন্তরিক অভিনন ও অভিবাদন জানাচ্ছে।’

নতুন রাষ্ট্রপতির কাছে দলের প্রত্যাশার কথা তুলে ধরে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিন তার যোগ্যতা-দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান উন্নয়ন ও অগতির ধারাকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান আদর্শ প্রতিষ্ঠার প্রশ্নে অবিচল থেকে আগামী প্রজন্মের জন্য অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ণ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে দিক-নির্দেশনা দেবেন।’

বাঙালি জাতির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের চলমান সংগ্রামে অন্যতম সারথির ভূমিকায় অবতীর্ণ হবেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নব-নির্বাচিত রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পবিত্র সংবিধানকে সমুন্নত রাখতে যে কোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।’

রাষ্ট্রপতি পদের দায়িত্ব ও কর্তব্য পালনে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন-এর সার্বিক সফলতা প্রত্যাশা করে আওয়ামী লীগ। একই সঙ্গে বিবৃতি নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করা হয়।