আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যে দল বাংলাদেশের গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করেছে, তাদের মুখে এখন সারাক্ষণ গণতন্ত্রের কথা থাকে। তাদের অসত্য ও মিথ্যাচারের কোনও শেষ নেই।’
তিনি আরও বলেন, ‘তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ বলেছেন, বাংলাদেশ নাকি তাদের আন্দোলনে দিশেহারা হয়েছে, সরকার নাকি দিশেহারা হয়ে পড়েছে। তিনি কয়েক দিন আগে বলেছিলেন, দেশ নাকি পাকিস্তান আমলে ভালো ছিল, আমরা এখন পাকিস্তান আমলের থেকে খারাপ আছি। বিএনপি নেতারা জনসমর্থন না পেয়ে দিশেহারা হয়ে নানা ধরনের আবোল-তাবোল কথা বলছে। তাদের কথার সঙ্গে বাস্তবতার কোনও মিল নেই। তারা দেশের মানুষের কল্যাণ নিয়ে কখনও ভাবে না। তাদের কোনও নীতি আদর্শ নেই।’
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশের কোনও জনগণ এখন আর বিএনপির সঙ্গে নেই। মানুষ তাদের কোনও কথাই বিশ্বাস করে না। তাদের শুধু আছেই বিদেশি প্রভুরা। কিছু হলেই তারা প্রভুদের কাছে ধরনা দেয় ও নালিশ করে। তারা সব সময় দেশের বিরুদ্ধে নালিশ করে বহির্বিশ্বে বাংলাদেশের যে মর্যাদা রয়েছে, সেটিকে ক্ষুণ্ন করতে চায়।’
তিনি বলেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা যেভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, সেই পথে নানা ধরনের প্রতিবন্ধকতা বারবার দেখতে পাই। যারা বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রাকে সহ্য করতে ও মেনে নিতে পারে না, তারাই গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত আনতে চায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে নির্মম হত্যাকাণ্ড খুনির করেছে, সেই খুনি দলের পক্ষের শক্তিরা দেশকে দ্বিখণ্ডিত করতে চায়। এ অপশক্তি আমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দিতে চায়। এরা জনগণের মধ্যে বিভ্রান্তি ও হানাহানির রাজনীতি করে। এদের বিরুদ্ধে আমাদের সব সময় সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত সব সময় অসত্য ও মিথ্যাচার করে। এরা বাংলাদেশকে দেউলিয়া করেছিল, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, লুটের রাজত্ব কায়েম করেছিল, দেশে সাম্প্রদায়িক শক্তিকে লেলিয়ে দিয়ে ও জঙ্গিবাদী শক্তির পৃষ্ঠপোষকতা করে সিরিজ বোমা হামলার মতো ঘটনা ঘটিয়েছে। এরা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা দেখলে এদের মাথা খারাপ হয়ে যায়।’
কৃষিবিদদের উদ্দেশ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের মাঝে কোনও ধরনের অনৈক্য সৃষ্টি করা যাবে না। অনৈক্য দেশ ও জাতির জন্য ক্ষতিকারক। আমরা কোনও ক্ষতির দিকে যেতে চাই না। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। এ সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমাদের এই বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের গবেষণায় আরও মনোযোগী হতে হবে এবং আমাদের কার্যক্রমকে আরও উন্নত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য-সংকট তৈরি হয়েছে। সরকার সব ধরনের কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে সবাইকে কৃষিতে ভূমিকা রাখতে হবে এবং অনাবাদি জমিগুলো চাষ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।’
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।
সভায় তিন বছরের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ফয়েজ আহমেদকে সভাপতি ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে মহাসচিব করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়।