ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ একলা চলে না, চলবে না; সমমনা জোটকে নিয়েই এগিয়ে যাবে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, স্বাধীনতার সপক্ষের শক্তি—আপনাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আওয়ামী লীগ একলা চলে না, একলা চলবেও না। আমরা সমমনা জোটকে নিয়ে এগিয়ে যাবো।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তিনি বলেছেন—‘আমরা মাঠ খালি করছি।’ ফখরুল সাহেব, আপনাদের নেতিবাচক রাজনীতির কারণেই মানুষ আজকে ভেবে নিয়েছে—বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই। আর নেই বলে আপনাদের পেছনে যারা ছিল, তারা আজ সরে গেছে। মাঠ পাবলিকই খালি করে দিয়েছে। মাঠ আমাদের খালি করার দরকার নেই।
এ সময় তিনি আরও বলেন, মনে রাখবেন, নাশকতা করতে, শত্রুতা করতে, সন্ত্রাস করতে, অগ্নিসন্ত্রাস করতে, বোমাবাজি করতে, গ্রেনেড বিস্ফোরণ করতে বেশি লোকের প্রয়োজন নেই।
ওবায়দুল কাদের বলেন, দেশ স্থির অবস্থায় আছে। এই স্থির অবস্থান কোনও কারণে পাল্টে গেলে, বাংলাদেশ আবার উল্টো পথে যাত্রা করবে। কাজেই আমাদের নিজেদের আজ আত্মসংযমী হতে হবে। আমাদের নিজেদের আজ আত্মসমালোচনার করতে হবে। যে ঘাটতি আমরা লক্ষ্য করছি সে ঘাটতিগুলো পূরণ করার জন্য আমাদের সামনে দুই মাসের থেকে বেশি সময় নেই।