ববির শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে শেখ হাসিনা

‘রাজনৈতিক অভিলাষ নিয়ে আমাদের ছেলেমেয়েরা কাজ করে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গত ৭ মার্চ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। সোমবার (১৩ মার্চ) বিকালে গণভবনে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাদওয়ান মুজিব সিদ্দিক ফুল দিতে গেছে পরিবারের পক্ষ থেকে। কোনও রাজনৈতিক উদ্দেশ্য কিংবা আকাঙ্ক্ষা নিয়ে যায়নি। শেখ রেহানা আমার ছোট বোন। আমাদের পাঁচ ছেলেমেয়ে। তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজ স্টার্টআপ প্রোগ্রাম, ইয়াং বাংলা, সিআরআই’র মতো গবেষণা প্রতিষ্ঠানসহ যত রকমের কাজ আছে তারা করে যাচ্ছে দেশের স্বার্থে।

তিনি বলেন, আজ ডিজিটাল বাংলাদেশ আমরা উপভোগ করছি। সেখানে তাদের সবারই কিন্তু কিছু না কিছু অবদান আছে। তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু ওই রকম কোনও রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেনি। এখন পর্যন্ত তাদের দলেরও সদস্য করা হয়নি। তারা দলের কাজের মধ্যেও আসে না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। জনগণের স্বার্থে করে, দেশের স্বার্থে করে।  

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছেও জানতে চান সাংবাদিকরা। ৮ মার্চ এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে নেই। ঐতিহাসিক ৭ মার্চ আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিবস। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও পরিবারের পক্ষ থেকে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ফুল দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, কিন্তু দিনটাকে কতটা গুরুত্ব দেন এটা তারই প্রমাণ। এর সঙ্গে রাজনৈতিক সক্রিয়তার কোনও বিষয় আছে বলে আমার জানা নেই।

আরও পড়ুন-

শেখ হাসিনার পক্ষে রাদওয়ান মুজিবের শ্রদ্ধা: যা বললেন ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানালেন ববি