যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, সরকারকে ব্যর্থ প্রমাণে এক পরিকল্পিত নীলনকশার বাস্তবায়ন চলছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যেন সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। দেশের সুশীল সমাজের একটি অংশ এখন জনগণকে বিভ্রান্ত করতে তৎপর। আর এ নীলনকশার বাস্তবায়নে মাঠে নেমেছেন ১/১১-এর কুশীলবরা। বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত এখন বেশ জোরেশোরে চলছে।
শনিবার (৮ এপ্রিল) রাজধানীর তুরাগ থানার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে রমজান উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবলীগের খাদ্যসামগ্রী-উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সেটা এ দেশের উন্নয়ন ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এ দেশের কর্মজীবী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, আপনাদের-আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। সব ষড়যন্ত্রের মোকাবিলায় অসাম্প্রদায়িক প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন গ্রুপিং, বিভক্তি এবং ভেদাভেদ কোনোভাবেই কাম্য না। ৯ মাস পর সংসদ নির্বাচন। আমাদের সবারই একযোগে কাজ করা উচিত, যাতে আমরা গড়ে তুলতে পারি আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ।’
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।