পলাতক তারেক রহমানের ডাকে জনগণ সাড়া দেবে না: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ লন্ডনে বসে থাকা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানের হুমকিতে ও তার মিথ্যা প্রচারণায় এবং গুজবে সাড়া দেবে না।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উত্তরা ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান দুর্নীতি করে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়ে লন্ডনে বসে আরামে জীবনযাপন করছে মন্তব্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, সে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে নিয়ে গিয়েছে। এ দুর্নীতিবাজ তারেক রহমান আর যা-ই হোক বাংলাদেশের বন্ধু হতে পারে না। সে কখনও দেশের মানুষের কল্যাণ চায়নি। এরা চায় জিয়া যেভাবে জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করেছে, একইভাবে পুনরায় ক্ষমতায় আসতে।

বিএনপি-জামায়াত দেশে অপরাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, তারা সবসময় অসত্য কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা সবসময় বিদেশিদের কাছে ধরনা দেয়, নালিশ করে। তাদের আহ্বান জানায় বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে; এটি তারা মেনে নিতে পারে না। দেশের মানুষের সুখ দেখলে তাদের হিংসা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।