পঙ্কজ ভট্টাচার্য রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, লোভ-লালসার ঊর্ধ্বে থাকা আজীবন সংগ্রামী রাজনীতিবিদ, যিনি পদ-পদবীর পেছনে ছোটেননি। রাজনীতিকে ব্রত হিসেবেই নিয়েছিলেন, সেই মানুষটি পঙ্কজ ভট্টাচার্য।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদেরকে এ কথা বলেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠা্নো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় তিনি বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য ভাষা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ, সব গণআন্দোলন ও সংগ্রামে অংশ নিয়েছেন। স্বাধীনতার পরও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যেমন শূন্যতা তৈরি হয়েছে, তেমনই তার জীবন ও রাজনৈতিক জীবন থেকে আমাদের অনেক শেখার রয়েছে।’  

ড. হাছান মাহমুদ এ সময় পঙ্কজ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।