পূর্ণাঙ্গ কমিটি পেলো কুমিল্লা মহানগর আ.লীগ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদের নামও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) আওয়ামী লীগ সভাপতির অনুমোদনক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা কুমিল্লা মহানগর সভাপতি বরাবর পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে কুমিল্লা মহানগর শাখার নতুন কমিটির অনুমোদিত তালিকা অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। নবনির্বাচিত এই কমিটির সব সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হবেন এবং সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।

চিঠিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের সংগ্রামে জনগণকে সম্পৃক্ত ও ঐক্যবদ্ধ করতে নতুন নেতৃত্ব যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৫ নভেম্বর কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আ ক ম বাহাউদ্দীন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। আ ক ম বাহাউদ্দীন বাহার কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য এবং আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) বর্তমান মেয়র। ওই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তখন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করে তা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই সম্মেলন উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০১৭ সালের ২২ জুলাই কেন্দ্র থেকে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয় সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে আর সাধারণ সম্পাদক করা হয় বর্তমান মেয়র আরফানুল হক রিফাতকে।