যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, এ দেশের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার ক্ষমতা কারও নেই। শেখ হাসিনা আমাদের অস্তিত্ব। আর এই অস্তিত্বের প্রশ্নে যুবলীগ আপসহীন। শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ।
সোমবার (২২ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ-সমাবেশ করে যুবলীগ।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের মানুষ যখন সুখের স্বপ্ন দেখছেন, মানুষ যখন শান্তিতে আছেন সেই সময় আবারও সেই পরাজিত শক্তি বিএনপি-জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিদেশি কিছু রাষ্ট্র। হঠাৎ করে আমরা দেখতে পাই মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন রাষ্ট্রদূত, তাদের নাগরিকদের উদ্দেশে বলছেন সাবধানে চলাফেরা করতে। এসব কীসের ইঙ্গিত বহন করে? এমন কোনও ঘটনা ঘটেনি যে বাংলার মাটিতে মার্কিন নাগরিকদের নিরাপত্তার অভাব ঘটেছে।’
তিনি বলেন, ‘বাংলার মাটিতে কোনও খুনখারাপি নাই। খুনখারাপি যা করে তা ওই বিএনপি-জামায়াত। বিদেশি রাষ্ট্রের ছত্রছায়ায় তারা এসব করে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। আমরা কি জঙ্গিবাদ নিধন চাই না? বিদেশি প্রভুরা কি চান না বাংলাদেশে জঙ্গি নির্মূল হোক? তারা কি চায় না সেই রগকাটা বাহিনী, মা-বোনের ধর্ষণকারীদের বিচার হোক।’
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশি প্রভুরা কি চান না বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাক। তাহলে তারা কি চান? আপনারা যদি মনে করে থাকেন বঙ্গবন্ধুকন্যাকে ক্ষমতাচ্যুত করে দেশবিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন সেটা আপনাদের ভুল ধারণা।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়াদ্দার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।