দেশে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় একাত্তরে যেমন সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন সময় এসেছে শেখ হাসিনার নেতৃত্বে সেভাবে সব পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার।
শনিবার (১৭ জুন) বিকালে রাজধানীর শ্যামপুরের বালুর মাঠে ঢাকা মহানগর দক্ষিণের ৭টি ওয়ার্ডের যুবলীগের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কারও অনুগ্রহে এই স্বাধীনতা আসেনি মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনা বেঁচে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে না। তাই তারা (বিএনপি) শেখ হাদিনাকে হত্যা করতে চায়।’
দেশে নির্বাচন হোক তা বিএনপি চায় না মন্তব্য করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবার দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশের মাটিতে হবে না। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদেরই কবর রচনা হবে। কোনও অবস্থাতেই নির্বাচন বন্ধ হবে না।’
সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুযায়ী, সঠিক সময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের নেতৃত্বে নির্বাচন হবে, যেখানে নির্বাচন কমিশনের ওপর সরকার কোনওে হস্তক্ষেপ করবে না। জাতীয় নির্বাচনে জনগণ শেখ হাসিনার পক্ষেই রায় দেবে।’
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।