যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই দিনের কর্মসূচি

বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ জুলাই) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৬ জুলাই বাংলাদেশ যুব মহিলা লীগ ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০২ সালের এই দিনে ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। দিনটি উদযাপনে যুব মহিলা লীগ দুই দিনব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ৬ জুলাই সকাল ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গনে কেক কাটা। সকাল ৯টায় যুব মহিলা লীগের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে শোভাযাত্রা।

এদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন। দুপুর ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘হাসিনা এ ডটারর্স টেল’-এর প্রদর্শনী। বিকাল ৩টায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা।

এছাড়া ৭ জুলাই সকাল ১১টায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমনা কালী মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। দেশব্যাপী সংগঠনের প্রত্যেকটি ইউনিটকে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।