‘প্রধানমন্ত্রী কষ্ট পান, বাধ্য হয়ে ভিন্নমতের সহকর্মীদের নিয়ে কাজ করতে হয়’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা বিসিএস পরীক্ষা দেই, কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারি না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান, তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটা (কষ্ট) তিনি প্রকাশও করেন।’

সোমবার (২৪ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা কেন বিসিএস পরীক্ষায় অংশ নেয় না, পড়াশোনা কেন করে না; এসব প্রশ্ন তিনি (প্রধানমন্ত্রী) প্রায়ই করেন। কোনও ছেলেমেয়ের ভালো ফলাফল পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন বিসিএস পরীক্ষা দাও। আমাদের তো লোক দরকার, সচিবালয়ে আরও কোয়ালিটি দরকার। এ দেশে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নানা কায়দায়, কৌশলে ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত। তারাই রাজত্ব করে গেছেন।‘

তিনি বলেন, ‘বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে গত ৪৮ বছরে সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তার কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সাহস, দৃঢ়তা, শিক্ষা; সব মিলিয়েই তিনি সবার সেরা।’

বাংলাদেশের বেশিরভাগ বক্তাই গৎবাঁধা বক্তব্য দেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘একটা সেট আছে, কেউ ১৯৪৯ সাল থেকে শুরু করেন, কেউ ৭৫ থেকে শুরু করেন। কিন্তু এর ভেতরে তথ্য নিয়েও কথা আছে। এতে আমরা আমাদের জ্ঞান-গরিমার পরিচয় তো দিতে পারি না।’