‘আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব কার কাছে যাবে, তা সময়ই বলে দেবে, ভাগ্য বলে দেবে’ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২৪ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে দেশের আইসিটিতে ‘নিরব অভ্যুত্থান হয়েছে’ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘অথচ তিনি আসেন নিরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে নিমগ্ন নন। আমরা মাঝে মাঝে ভাবি প্রত্যক্ষ রাজনীতিতে তিনি (জয়) কেন আসেন না। সেই প্রশ্নের উত্তরে নেত্রী (শেখ হাসিনা) বলেন, লিডারশিপ কার কাছে যাবে সময়ই বলে দেবে, ভাগ্য বলে দেবে। আমার কাউকে জোর করে কিছু বানাতে হবে না। সব রাজনৈতিক উপস্থিতি থেকে তিনি (শেখ হাসিনা) তাকে (জয়) বাদ রেখেছেন।’
আওয়ামী লীগের বিগত সম্মেলনের সময় সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সময় জয়কে আওয়ামী লীগ দাওয়াত দিয়েছিল। জয় বলেছিলেন— মায়ের (শেখ হাসিনা) অনুমতি পেলে যাব। মায়ের অনুমতি ছিল না, সেই কারণে আমরা দাওয়াত করেও, যাকে আমরা দলের ভবিষ্যৎ নেতা ভাবি, তাকে আনতে (সম্মেলন) পারিনি।’