সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ বৃহস্পতিবার

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

বুধবার (১৬ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে 'সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী' বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উল্লেখ্য, ২০০৫ সালে ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।