মির্জা ফখরুলরা খালেদা জিয়াকে কয়েকবার মেরে ফেলেছে: ওবায়দুল কাদের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মির্জা ফখরুলরা (বিএনপি নেতারা) মরার আগেই কয়েকবার মেরে ফেলেছেন’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির যতটা উদ্বেগ তার চেয়ে বেশি নোংরা রাজনীতি করছে। খালেদা জিয়ার মামলা নিয়েও বিএনপির আইনজীবীরা দীর্ঘসূত্রিতা করেছে।

আইনি কাঠামোর বাইরে সরকারের কিছু করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও নির্বাচনের সময় পরিবেশ রাখতে চায় আওয়ামী লীগ।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমআরসির সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সাবেক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডব্লিউ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব ডা. কামরুল হাসান মিলন প্রমুখ।