মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি এবং ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীরাই ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে। খুনিদের মূল লক্ষ্য ছিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিশু অ্যাকাডেমির অডিটোরিয়ামে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের নির্দেশে ২১ আগস্টের হামলা হয়। তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানে পরিণত করতে চেয়েছিল। খালেদা জিয়া ২১ আগস্ট হামলা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করতে দেয়নি।’
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়বের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ফরিদা রেজা ও পারভীন জামান কল্পনা। স্বাগত বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার।
আলোচনা অনুষ্ঠানে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।