রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নৌকার অভিযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে তরুণ প্রজন্ম। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘এই সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ছাত্রলীগের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেবেন।’
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকে দেশের বৈধ সরকারকে হটাতে ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তির যে চক্রান্ত চলছে, ছাত্রলীগের সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে।’
ড. ইউনূসের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করেনি। বঞ্চিত শ্রমিকরা এখানে মামলা করেছে। কেউ ট্যাক্স ফাঁকি দিলে, গরিবের অর্থ আত্মসাৎ করলে, তার বিরুদ্ধে মামলা হবে না?’
ওবায়দুল কাদের বলেন, ‘কেউ শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। মামলা নিয়ে কোনও শঙ্কা থাকলে তা যাচাই করতে বিশ্বনেতারা বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠাতে পারেন।
ব্রিফিং ও সমাবেশস্থল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।