ড. ইউনূস প্রসঙ্গে হানিফ

‘অনেক দেশে নোবেল বিজয়ীর শাস্তির নজির আছে’

বিশ্বের অনেক নোবেল বিজয়ীর নামে সে দেশে মামলা, শাস্তির নজির আছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এখন যারা ড. ইউনূসকে নিয়ে কথা বলছেন তারা কি ওসব নোবেল বিজয়ীর শাস্তি দেখতে পান না? আজ যারা ড. ইউনূসের বিষয়ে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন, তাদের তো উচিত ওইসব নোবেল বিজয়ীকে নিয়েও কথা বলা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ২০০৭ সালের কুশীলবরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। মানুষের টাকা আত্মসাৎকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না, এটা নিয়ে সবার মাথাব্যথা। কারণ, তিনি একজন নোবেল বিজয়ী। কিন্তু আইন তো সবার জন্য সমান। নোবেল পুরস্কার পেয়েছেন বলে তিনি কি আইনের ঊর্ধ্বে?

বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করলো কিন্তু তাদের সেই আন্দোলন হালে পানি পায়নি উল্লেখ করে তিনি বলেন, যে আন্দোলনের সঙ্গে জনগণের কোনও সম্পৃক্ততা নেই, সে আন্দোলন কখনও সফল হয় না।

তিনি বলেন, বিএনপি দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি। আন্দোলনের নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিএনপির কাছ থেকে দেশের মানুষের কোনও প্রাপ্তি নেই। তারা জঙ্গি সন্ত্রাসী অপকর্মের সঙ্গে জড়িত।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফাল্গুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।