কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে: ইনান

বিএনপি-জামায়াতের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, দেশের শান্তিপূর্ণ রাজনীতিকে যারা অস্থিতিশীল করার জন্য পাগল হয়ে উঠেছেন, তাদের বলে দিচ্ছি, কোথায় পাগলা মলম দিতে হবে, ছাত্রলীগ জানে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন।

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, দেশকে অস্থিতিশীল করতে তারেক রহমান বিদেশে বসে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে প্রতিহত করতে ছাত্রলীগ সচেষ্ট। তার কোনও অপচেষ্টাই ছাত্রলীগ সফল হতে দেবে না।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা রক্ষা করতে এই সরকারের বিকল্প নেই। আমরা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অনতে চাই।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ছাত্রসমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্রসমাবেশ শুরু হয়। সমাবেশস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩টা ৪০ মিনিটে মঞ্চে আসেন। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এ সময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রসমাবেশে ছাত্রলীগের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।