ওপরে ওপরে আন্দোলন, তলে তলে নির্বাচন: বিএনপিকে কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ওপরে ওপরে আন্দোলন, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘বিএনপির অপরাজনীতির প্রতিবাদে' ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এ দাবি করেন তিনি।

খবর আরেকটা আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ওপরে ওপরে আন্দোলন, তলে তলে নির্বাচন। সারা বাংলায় খবর লন। সব সিটে (আসন) ক্যান্ডিডেট (প্রার্থী) খাড়া করায় দিছে। এখন দুই-তিন জন না, যার যত টাকা সে তত বেশি প্রার্থিতার জোড়ে লন্ডনে পাড়ি দেয়। ওখানে গিয়ে টাকা জমাচ্ছে। এত টাকা আসে কোত্থেকে। টাকা উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে। নির্বাচন না করলে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কীভাবে? নির্বাচন না করলে মনোনয়ন বাণিজ্য কেমনে হবে।’

খেলায় বিএনপি হেরে গেছে দাবি করে তিনি বলেন, ‘খালি নির্বাচনটা হওয়ার বাকি, ফাইনাল খেলায়ও হেরে যাবে। এর মধ্যে শুধু ফাউল করবে, হলুদ আর লাল কার্ড খাবে। এতদিন শুধু লাফালাফি করছে। কত রবি জ্বলেরে, আঁখি বুঝি মেলো রে। খবরতো বেগতিক।’

‘বিএনপি সামনে অন্ধকার দেখে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেখে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিএনপি চোখে- মুখে অন্ধকার দেখে। দিনের আলোতেও আমানিষার দিশা। ঘুম হারাম হয়ে গেছে। একটাতো পালিয়েছে। বাকিরা কে কোন দিকে পালাবে, সেই চিন্তায় ঘুম আসে না।’

শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।