কমিটি করতে না পারার ‘ব্যর্থতা’ স্বীকার করলেন মির্জা আজম

ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটি করতে না পারার ‘ব্যর্থতার’ দায় স্বীকার করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতার কারণে মহানগরের বিভিন্ন কমিটি করতে পারিনি। এটা নেত্রীর না, আমাদের ব্যর্থতা। আমি সাংগঠনিক সম্পাদক। আমারও ব্যর্থতার কারণে কমিটিগুলো হয়নি। শিগগিরই এসব কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন মির্জা আজম।

বিএনপির প্রতি ইঙ্গিত করে নগর আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে মির্জা আজম বলেন, আমাদের বিরোধী শক্তি দিন-তারিখ ঘোষণা করছে। আমরা রাজপথে আছি বলে তাদের ষড়যন্ত্র বারবার ব্যর্থ হয়েছে। তাদের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করার কারিগর আপনারা।

আগামী ৪০ দিনকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে বলেছিল। তাদের সেই ষড়যন্ত্র আপনারা ব্যর্থ করে দিয়েছেন। তারা আবার সেপ্টেম্বরে সরকারকে পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনার কথা বলেছে। সেপ্টেম্বর প্রায় শেষ, সামনে অক্টোবর মাস।

বর্তমান সরকারের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে উল্লেখ করে মির্জা আজম বলেন, সরকারের মেয়াদ শেষ হলে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, সবকিছুই কমিশনারের অধীনে চলে যাবে। ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

তফসিল ঘোষণা পর বিএনপি আন্দোলন করতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, আন্দোলন করলেই মার্কিন ভিসা নীতির আওতায় পড়বে। নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তাদের কিন্তু ভিসা হবে না।

নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আরও বলেন, আপনারা অনেক পরিশ্রম করছেন, আগামী ৪০ দিন কষ্ট করুন। তারা (বিএনপি) একবার সফল হলে আমাদের অবস্থা কী হবে সেটা অবশ্যই মনে আছে?

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য সাদেক খান, হাবিব হাসানসহ নগর নেতারা, থানা ও ওয়ার্ড নেতারা উপস্থিত ছিলেন।