শেখ হাসিনার জন্মদিনে আ. লীগের দোয়া-মিলাদ

ঈদে মিলাদুন্নবী (স.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল এ আয়োজন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনা করা হয়।

দোয়া ও মিলাদে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, মোস্তফা জালাল মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগের নেতারা। এতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

এদিন কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সকাল ৯টায় মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভার আগে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী।

এছাড়া শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন। ওই দিন ঢাকাসহ সারা দেশে সব সহযোগী সংগঠন আলোচনা সভা, আনন্দ র‌্যালি, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিবসটির তাৎপর্য অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করবে।